দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার সকালে উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। হামলায় কলেজের অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় আমজাদ হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে তার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে তারা অধ্যক্ষকে মারধর করে এবং কক্ষ থেকে টেনে বের করে বারান্দায় নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
অভিযোগ রয়েছে, পরে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, আমজাদ হোসেন, নাজমুল হোসেন বাদলসহ কয়েকজন মিলে তার কক্ষে প্রবেশ করে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অধ্যক্ষকে টেনে হিঁচড়ে মারধর করতে দেখা যায়।
এর আগে গত ২৬ জানুয়ারি একই কলেজে অধ্যক্ষের পক্ষে মানববন্ধন চলাকালে হামলা ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/